রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনের পরেই ইশতেহার বাস্তবায়ন শুরু: ফরহাদ আজাদ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৪, ২০২৬, ১১:০৭ পিএম

নির্বাচনের পরেই ইশতেহার বাস্তবায়ন শুরু: ফরহাদ আজাদ

প্রতিমন্ত্রীর খেজুর বিতরণ -ছবি-দিনাজপুর টিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কালির দাগ শুকানোর আগেই সাধারণ মানুষের হাতে ২৮ হাজার ‍‍`ফ্যামিলি কার্ড‍‍` পৌঁছে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা মডেল সরকারি পাইলট স্কুল ও কলেজ মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, "বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া ফ্যামিলি কার্ড নিয়ে বিরোধী দলের অনেক বড় বড় নেতারা বিদ্রূপ করেছিলেন। কিন্তু বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই ২৮ হাজার পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দিয়েছেন। 

এখন সেই সমালোচনাকারীরা কী বলবেন?" তিনি আরও যোগ করেন, নির্বাচনে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের উন্নয়ন প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, "আমি আপনাদের সেবক হিসেবে নিয়োজিত হয়েছি। 

কোনো আত্মীয়স্বজন দেখে নয়, বরং প্রকৃত যোগ্য ও বঞ্চিত মানুষকে সরকারের সুযোগ-সুবিধার আওতায় আনা হবে—এটাই আমার অঙ্গীকার।" এসময় তিনি দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, "বিএনপির প্রতিটি কর্মীকে মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং আচরণ সংযত রাখতে হবে। তা না হলে দলে কোনো জায়গা হবে না।" তিনি অচিরেই এলাকার কাঁচা রাস্তা পাকাকরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দৃশ্যমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

বোদা উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট আদম সুফী এবং জিপি আব্দুল বারী। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিমন্ত্রী এতিম ও অসহায় মানুষের মাঝে খেজুর বিতরণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।