মার্চ ১৫, ২০২৬, ০৯:৫০ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ রোববার বেলা ১১টা থেকে পুনরায় শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ আজ পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন।
আজ অধিবেশনের শুরুতেই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব ও জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগসহ শিক্ষা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে আজকের অধিবেশনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়ভিত্তিক প্রশ্ন ও উত্তর পর্ব থাকছে।
এছাড়া জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধির আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি করা হবে। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং সেই প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শুরু করবেন সংসদ সদস্যরা। এই আলোচনার জন্য কার্য উপদেষ্টা কমিটি বিশেষ সময় বরাদ্দ করেছে।কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে প্রতিদিন বিকেল ৩টায় সংসদ অধিবেশন শুরু হবে তবে আজকের অধিবেশনটি বিশেষ সূচি অনুযায়ী বেলা ১১টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অধিবেশনের পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে সম্পন্ন হবে। নতুন সংসদের এই শুরুর দিনগুলোতে সংসদীয় কার্যক্রমকে গতিশীল করতে সরকারি ও বিরোধী দলের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন