সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মানহীন হাসপাতাল-ক্লিনিক চলতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ১১:৩৫ এএম

মানহীন হাসপাতাল-ক্লিনিক চলতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল স্পষ্টভাবে জানিয়েছেন যে, দেশে কোনো ধরনের অননুমোদিত হাসপাতাল বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না। মঙ্গলবার সকালে সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অনড় অবস্থানের কথা তুলে ধরেন। 

মন্ত্রী বলেন, জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন। 

সেই নির্দেশনা অনুযায়ী, যেসব ক্লিনিক বা হাসপাতাল প্রয়োজনীয় শর্ত পূরণ না করে কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে তিনি হুঁশিয়ারি দেন। 

সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এবারের ঈদুল ফিতরের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিগত দেড় যুগের মধ্যে এবারের ঈদ ছিল সবচেয়ে স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ। বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকায় সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে উৎসব পালন করতে পেরেছে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে যাতায়াতের ক্ষেত্রে কিছু বিচ্ছিন্ন সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে, যা অত্যন্ত দুঃখজনক। বাস ও ট্রেনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগগুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। সামগ্রিকভাবে এবারের ঈদযাত্রা সফল হয়েছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।