রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আওয়ামী আমলের মতো নকলের পরীক্ষা আর চলবে না: শিক্ষামন্ত্রী

জাতীয় ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ০৯:২১ পিএম

আওয়ামী আমলের মতো নকলের পরীক্ষা আর চলবে না: শিক্ষামন্ত্রী

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী

শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন স্পষ্ট জানিয়েছেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের মতো নকল প্রবণতার পরীক্ষা বাংলাদেশে আর চলবে না। 

শুক্রবার বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় তিনি বলেন, পাবলিক পরীক্ষায় এক সময় শিক্ষকরাই নকল বন্ধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক প্রভাবে দেশজুড়ে নকলের সয়লাব তৈরি হয়। এখন থেকে এই অপসংস্কৃতি বন্ধে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বা প্রশাসনের ভূমিকা থাকলেও আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর হলেন শিক্ষকরা। 

তিনি শিক্ষা মন্ত্রণালয়কে একটি ইবাদতখানা হিসেবে বর্ণনা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর যে আস্থা রেখেছেন, তা তিনি সততার সাথে পালন করতে চান। তিনি শিক্ষকদের স্মরণ করিয়ে দেন যে, একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে তা শিক্ষকদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। শিক্ষকদের দায়িত্বশীল আচরণের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে তিনি মন্তব্য করেন।

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে আগামী এসএসসি পরীক্ষা থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। তিনি নির্দেশ দেন যে, প্রতিটি পরীক্ষা কেন্দ্র অবশ্যই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। শুধু পরীক্ষার সময়ই নয়, বরং বছরজুড়েই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারিতে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষামন্ত্রী শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আগে শিক্ষকদের মাধ্যমে নকল সরবরাহের যে অভিযোগ ছিল, তার পুনরাবৃত্তি আর বরদাশত করা হবে না। দেশের শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কমুক্ত করতে প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষকদের সততা নিশ্চিত করা হবে।