বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ফ্যামিলি কার্ডে নারীর ক্ষমতায়ন বাড়বে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ০৪:২৩ পিএম

ফ্যামিলি কার্ডে নারীর ক্ষমতায়ন বাড়বে: প্রধানমন্ত্রী

সংসদে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ ও ক্ষমতায়ন সুসংহত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিশেষ কার্ডটি পরিবারের নারী প্রধানের নামে প্রদান করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, এর ফলে সহায়তার অর্থ সরাসরি খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও সন্তানদের শিক্ষায় ব্যয় করার সুযোগ বাড়বে। 

প্রধানমন্ত্রী মনে করেন, সম্পদ ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ নিশ্চিত হলে পরিবারে তাদের মর্যাদা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বুধবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা জানান। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান এই প্রথমবারের মতো সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন। 

নির্ধারিত ত্রিশ মিনিটের এই আলোচনা সভায় ফ্যামিলি কার্ডের ভবিষ্যৎ পরিকল্পনা ও নারী উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।সরকারের এই নতুন উদ্যোগের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গত ১০ মার্চ থেকে দেশের ১৩টি জেলার তিনটি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। 

এই প্রাথমিক পর্যায়ের কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৮১৪টি নারী প্রধান পরিবারকে ভাতার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। চলতি অর্থ বছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার প্রস্তুতি রয়েছে সরকারের।নারীর অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে এই কর্মসূচির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। 

প্রধানমন্ত্রী সংসদে তাঁর বক্তব্যে ঘোষণা করেন যে, আগামী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে মোট চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। এটি সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক নারী ক্ষমতায়নে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সরকারের এই পদক্ষেপে তৃণমূল পর্যায়ের নারীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।