রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ ভারত সফরে যাচ্ছেন

জাতীয় ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ১০:২৫ এএম

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ ভারত সফরে যাচ্ছেন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এক শুভেচ্ছা সফরে আজ মঙ্গলবার দুপুরে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিন দিনের এই রাষ্ট্রীয় সফরটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একান্ত ও আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দিল্লিতে অবস্থানকালে খলিলুর রহমান কেবল ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই নয়, বরং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করবেন। 

এসব উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ ইস্যুতে কার্যকর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।কূটনৈতিক সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবারের আলোচনার টেবিলে ভিসা সহজীকরণ, জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতা জোরদার এবং বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। 

এছাড়া অভিন্ন নদীর পানিবণ্টন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও স্বাভাবিক ও গতিশীল করার লক্ষে কাজ করবে উভয় পক্ষ। বিশেষ করে পারস্পরিক শ্রদ্ধা ও সুফলের ভিত্তিতে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে দুই দেশের।এই সফরটি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে কারণ গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। এই গুরুত্বপূর্ণ মিশনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ মঙ্গলবার সন্ধ্যায় অজিত দোভালের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পরদিন ৮ এপ্রিল সকালে তিনি এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। একই দিনে ভারতের বাণিজ্য ও জ্বালানি মন্ত্রীর সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

দিল্লি সফর শেষ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পোর্ট লুইসে অনুষ্ঠেয় ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্সে’ যোগ দিতে মরিশাস যাবেন। জানা গেছে, আগামী ৯ এপ্রিল সকালে দিল্লি থেকে একটি বিশেষ ফ্লাইটে তিনি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই সঙ্গে মরিশাসের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে ১১ ও ১২ এপ্রিল অনুষ্ঠিতব্য আঞ্চলিক সম্মেলনে অংশ নিয়ে তাঁরা ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সামুদ্রিক কৌশলগত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।