এপ্রিল ২০, ২০২৬, ০৯:৩৫ এএম
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে বের হয়েছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোরে তিনি রাজধানী ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন। প্রধানমন্ত্রীর এই যাত্রায় সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
দায়িত্ব পাওয়ার পর নিজ এলাকায় এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর হওয়ায় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।
সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপরই শুরু হবে তাঁর কর্মব্যস্ত দিন। বেলা ১১টায় তিনি জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করবেন। এর কিছুক্ষণ পর জজ আদালতের ই-বেইল বন্ড ব্যবস্থার শুভ উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
তবে এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করা। বেলা সাড়ে ১১টায় তিনি নবসৃষ্ট এই সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন।দুপুরের দিকে প্রধানমন্ত্রী গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে একটি হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন তিনি। বিকেলের কর্মসূচিতে থাকছে বড় ধরনের রাজনৈতিক সমাবেশ।
শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষ করে তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। দিনভর এসব কর্মসূচি শেষে সন্ধ্যায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে গোটা জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন