এপ্রিল ২১, ২০২৬, ১০:৪৩ পিএম
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে চিন্তিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার গুটিকয়েক সিন্ডিকেট করা ব্যক্তির হাতে দেশের ১৮ কোটি মানুষকে জিম্মি হতে দেবে না। বাজার তদারকি নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং প্রয়োজন হলে এই নজরদারি আরও বাড়ানো হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সভায় আসন্ন দিনগুলোতে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে জনমনে খাদ্যমূল্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও বাস্তবে এর ফলে খাদ্যপণ্যের ওপর খুব একটা বিরূপ প্রভাব পড়বে না। তবে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে যদি কোনো ধরণের মূল্যস্ফীতি ঘটেও, তার অভিঘাত যেন প্রান্তিক জনগোষ্ঠীর ওপর না পড়ে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
দরিদ্র মানুষের সহায়তার জন্য সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো সচল রয়েছে এবং টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ অব্যাহত থাকবে। এ ছাড়াও ওএমএস ও ফ্যামিলি কার্ডের পরিধি আরও বিস্তার করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমদানি পর্যায় এখন পর্যন্ত যথেষ্ট স্থিতিশীল। তবে বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে—এমন তথ্যও সরকারের নজরে রয়েছে।
এই অসামঞ্জস্য দূর করতে এবং বাজারে পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দুই ঈদ উপলক্ষে আলাদাভাবে ‘ট্রাক সেল’ বা ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম চালানো হবে।আলোচনা শেষে বাণিজ্যমন্ত্রী সাধারণ জনগণের উদ্দেশে বলেন, বাজারের অস্থিরতা কমাতে কেবল সরকারি তদারকিই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও বড় ভূমিকা রাখতে পারে।
সরকার যেকোনো মূল্যে বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর এবং অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা রুখতে কঠোর আইনানুগ হস্তক্ষেপ করতে পিছপা হবে না। বাজার পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তের নজরদারি রাখা হচ্ছে এবং অচিরেই বোতলজাত তেলের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন