এপ্রিল ২২, ২০২৬, ১১:৫৯ এএম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ও লঞ্চ মালিক সমিতির চাহিদা অনুযায়ী একচেটিয়াভাবে ভাড়া বাড়ানো হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে সাধারণ যাত্রীদের ওপর বাড়তি ভাড়ার বোঝা চাপিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই সতর্কবার্তা উচ্চারণ করেন।বিবৃতিতে মোজাম্মেল হক চৌধুরী দেশের পরিবহন খাতের ভাড়ার পুরনো পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০২২ সালের আগস্ট মাসে যখন ডিজেলের দাম লিটারে একলাফে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছিল।
তখন বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ এবং লঞ্চের ভাড়া ৩২ শতাংশ বাড়ানো হয় পরবর্তীতে ডিজেলের মূল্য কয়েক দফায় কমে ১০০ টাকায় নেমে আসলেও সরকার নামমাত্র ৮ পয়সা ভাড়া কমিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, সেই নামমাত্র কমানো ভাড়ার কোনো সুফল সাধারণ যাত্রীরা বাস্তবে পাননি।
এই কমানো ভাড়া তদারকিতেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব আরও জানান, বর্তমানে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। অর্থাৎ পূর্বের ১১৪ টাকার তুলনায় নতুন করে মাত্র ১ টাকা বাড়লেও বাস মালিকেরা ৬৪ শতাংশ এবং লঞ্চ মালিকেরা ৪২ শতাংশ ভাড়া বাড়াতে মরিয়া হয়ে উঠেছেন। সংগঠনটি মনে করে, মালিক সমিতির এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক এবং জনস্বার্থবিরোধী। যাত্রী প্রতিনিধিদের বাদ রেখে সরকার ও মালিক পক্ষ একপাক্ষিক আলোচনার মাধ্যমে ভাড়া নির্ধারণের যে পাঁয়তারা করছে, তাকে `স্বৈরাচারী সিদ্ধান্ত` হিসেবে অভিহিত করা হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে স্পষ্টভাবে অভিযোগ করা হয়েছে যে, সরকারি কিছু আমলা নিজেদের সাময়িক স্বার্থ চরিতার্থ করার জন্য যাত্রী প্রতিনিধিদের পাশ কাটিয়ে মালিকদের স্বার্থ রক্ষায় কাজ করছেন। এই পরিস্থিতিতে যদি মালিকদের চাহিদা অনুযায়ী একচেটিয়া ভাড়া সমন্বয় করা হয়, তবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দেশব্যাপী তীব্র প্রতিবাদ কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। পরিবহন খাতে এমন অরাজকতা বন্ধে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন