শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

রূপপুরে জ্বালানি লোডিং শুরু মঙ্গলবার, আগস্টে মিলবে বিদ্যুৎ

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ১০:০৭ পিএম

রূপপুরে জ্বালানি লোডিং শুরু মঙ্গলবার, আগস্টে মিলবে বিদ্যুৎ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর ভবন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ এপ্রিল মঙ্গলবার থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শুরু হতে যাচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়েই মূলত দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া শুরু হবে। আগস্টের মাঝামাঝি সময়ে এই বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রথম ধাপে আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে। রূপপুর প্রকল্পের এই অগ্রগতি দেশের বিদ্যুৎ খাতে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। এরপর ২৭ সালের জুনে দ্বিতীয় ইউনিটে জ্বালানি বা ফুয়েল লোডিং শুরু হবে। 

সব ঠিক থাকলে ২০২৭ সালের সেপ্টেম্বর নাগাদ রূপপুর থেকে মোট ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সময় স্বল্পতার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্টের উপস্থিত থাকার সম্ভাবনা নেই। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প এলাকায় সশরীরে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, জ্বালানি লোডিংয়ের মাধ্যমেই রূপপুর প্রকল্প আনুষ্ঠানিক উৎপাদন প্রক্রিয়া শুরু করবে। চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এই লাইসেন্স পাওয়ার পরই ২৮ এপ্রিল থেকে জ্বালানি লোডিংয়ের কাজ শুরু করার আইনি ও কারিগরি পথ সুগম হয়। মঙ্গলবার থেকে এই প্রক্রিয়ার মাধ্যমে দেশ পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করছে।