এপ্রিল ২৮, ২০২৬, ০৯:২৮ এএম
পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং শুরু হচ্ছে। বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে পরমাণু চুল্লিতে জ্বালানি লোড করার প্রক্রিয়া উদ্বোধন করা হবে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বিকেলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সচিব মো. আনোয়ার হোসেন এবং রাশিয়ান সংস্থা রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাআভ অংশ নেবেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নিরাপত্তা ও সব শর্ত পূরণ করার পর গত ১৬ এপ্রিল রূপপুর কর্তৃপক্ষ পরমাণু চুল্লিতে জ্বালানি লোড করার লাইসেন্স পায়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে ৪৫ দিন সময় লাগবে।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে এখান থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
পরবর্তী সময়ে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে এই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।রূপপুর প্রকল্পের জ্বালানি লোডিংয়ের এই কার্যক্রমকে বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জ্বালানি লোডিং সম্পন্ন হলে কারিগরি নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন