শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

ডিজেলের মজুত কত? জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০২:২০ পিএম

ডিজেলের মজুত কত? জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ডিজেলের মজুত নিয়ে কথা বলছেন উপদেষ্টা

দেশে বর্তমানে কী পরিমাণ ডিজেলের মজুত আছে, তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জ্বালানি তেলের মজুত সংক্রান্ত এই তথ্য তুলে ধরেন।ডা. জাহেদ উর রহমান জানান, বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার টন ডিজেল মজুত রয়েছে। 

এর বাইরে আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল দেশে এসে পৌঁছাবে। জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে তিনি স্পষ্ট উল্লেখ করেন। তেলের পাম্পগুলোতে কোনো দীর্ঘ লাইন নেই এবং পরিস্থিতি দ্রুত আরও স্বাভাবিক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জ্বালানি মজুতের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গি তৎপরতা রয়েছে এবং এটি কিছুটা ঝুঁকি তৈরি করেছে। তবে এই ঝুঁকি এমন কোনো পর্যায়ে যায়নি যে জনগণকে আতঙ্কিত হতে হবে।

নিরাপত্তা ইস্যুতে পূর্ববর্তী ও অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে জঙ্গি নিয়ে যে অতিরিক্ত প্রচার করা হয়েছিল, সেটি সঠিক ছিল না। আবার অন্তর্বর্তী সরকারের সময় দেশে কোনো জঙ্গি নেই বলে যে দাবি করা হয়েছিল, সেটিও সত্য নয়। প্রকৃত পরিস্থিতি এই দুই অবস্থানের মাঝামাঝি পর্যায়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সচিবালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা আরও উল্লেখ করেন, সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা এবং নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সজাগ রয়েছে। জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ চেইন নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে যাতে সাধারণ মানুষকে কোনো ভোগান্তি পোহাতে না হয়।