এপ্রিল ২৮, ২০২৬, ০৩:২৩ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ সাত দিনের ছুটি পেতে যাচ্ছেন। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা এবং ধর্মীয় উৎসবের সম্ভাব্য তারিখ বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত এই লম্বা ছুটির সম্ভাবনা রয়েছে।সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন ঈদের ছুটি থাকতে পারে।
এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে সরকারি ছুটি বরাদ্দ থাকার কথা রয়েছে। এর আগে ২২ ও ২৩ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। যদি শনিবারের অফিস কার্যদিবস ঈদের ছুটির সাথে সমন্বয় করা হয়, তবে ছুটির মেয়াদ আরও একদিন বাড়তে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরে বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।
সরকারি কর্মকর্তাদের এই দীর্ঘ ছুটির বিষয়টি ঈদ উদযাপনের প্রস্তুতির জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যারা গ্রামে গিয়ে ঈদ উদযাপন করেন, তাদের জন্য এই লম্বা সময় যথেষ্ট সহায়ক হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, যথাসময়ে নির্বাহী আদেশের মাধ্যমে ছুটির বিষয়টি চূড়ান্ত করা হবে।
ইতিমধ্যেই মে মাসের শেষ সপ্তাহের এই সম্ভাব্য ছুটির বিষয়টি নিয়ে সরকারি দপ্তরগুলোতে আলোচনা শুরু হয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ নির্ভর করছে চাঁদ দেখার ওপর। আবহাওয়া ও ধর্মীয় বিধিবিধান মেনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ও ছুটির বিষয়টি নিশ্চিত করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন