শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৯, ২০২৬, ০৬:৪১ পিএম

ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ছবি - সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পরিবার ও বন্ধুদের নিয়ে হাজারো মানুষ এখানে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাঘ, সিংহ, হরিণ ও জিরাফের খাঁচার সামনে মানুষের কোলাহল ও শিশুদের উচ্ছ্বাস বাড়তে থাকে।মূল আকর্ষণ সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্প।

কোরবানির পশু হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা এই অ্যালবিনো মহিষটিকে দেখতেই খাঁচার সামনে দিনভর সবচেয়ে বেশি ভিড় ছিল। অনেকেই ঈদের এই বিশেষ ছুটিতে ব্যতিক্রমী এই প্রাণীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। অতিরিক্ত জনসমাগম সামাল দিতে মূল ফটকের সামনে বাড়তি টিকিট কাউন্টার খোলার পাশাপাশি নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করেছে কর্তৃপক্ষ। 

চিড়িয়াখানার পরিচালক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের এই সময়ে লক্ষাধিক দর্শনার্থীর আগমন আশা করা হচ্ছে এবং প্রাণীদের সুস্থতার পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।