এপ্রিল ২৮, ২০২৬, ০৭:৪৪ পিএম
সংসদ সদস্য ফজলুর রহমান ব্যক্তিগতভাবে তাকে আহত করেছেন এবং তার পরিচয় নিয়ে প্রশ্ন তুলে গুরুতর অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে ফজলুর রহমানের দেওয়া একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
এদিন সংসদে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে না। তিনি সরাসরি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে লক্ষ্য করে এই বক্তব্য দেন।
ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কোনো রাজনৈতিক দল বা আদর্শ অনুসরণ করা একজন নাগরিকের মৌলিক অধিকার। তিনি প্রশ্ন তোলেন, আদর্শ সিলেকশনের ব্যাপারে কি তাকে জিজ্ঞেস করা লাগবে? রাষ্ট্র কাউকে অন্যের আদর্শের ওপর হস্তক্ষেপ করার অধিকার দেয়নি বলেও তিনি উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে দাবি করেন। তিনি বলেন, ফজলুর রহমান তার এই পরিচয়কে চ্যালেঞ্জ করেছেন এবং তার আদর্শ নির্বাচন নিয়ে কথা বলে বাড়তি অপরাধ করেছেন। তিনি ফজলুর রহমানের বক্তব্যের এই বিতর্কিত অংশটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ বা এক্সপান্স করার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানান।এর আগে ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে বিরোধীদলীয় সদস্যদের মধ্যে তীব্র হট্টগোল শুরু হয়।
সংসদ সদস্য ফজলুর রহমান হট্টগোলের মধ্যেই নিজের অবস্থানে অনড় থেকে বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান এবং সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।ডা. শফিকুর রহমান ফজলুর রহমানের ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একে শিষ্টাচারবহির্ভূত বলে অভিহিত করেন। শেষ পর্যন্ত স্পিকারের হস্তক্ষেপে সংসদের পরিস্থিতি স্বাভাবিক হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন