এপ্রিল ২৮, ২০২৬, ০৮:০৬ পিএম
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, এ বাংলায় শুধু বেলি–চামেলি আর জুঁই ফুল ফোটে না, রক্ত গোলাপ ও রক্ত জবাও ফোটে। এ দেশে শুধু কোকিল ডাকে না, এ দেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এই দেশে জয়লাভ করতে পারবে না। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ফজলুর রহমান তার বক্তব্যে জামায়াত ও আলবদরদের সন্তানদের ইঙ্গিত করে বলেন, রাজাকারের বাচ্চারা এখনো ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে।
তিনি উল্লেখ করেন, বিরোধী দলে যারা বসে আছেন, তারা অনেকেই তাকে ‘ফজা পাগলা’ বলে ডাকেন এবং নিজেদের সভ্য বলে দাবি করেন। তার এই বক্তব্যের পর তারা কী বলবেন সেটিও তিনি চ্যালেঞ্জ করে জানতে চান।সংসদ সদস্য ফজলুর রহমান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পরিচয় ও রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, বিরোধী দলের নেতা দাবি করেছেন তিনি মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের লোক এবং তিনি জামায়াতে ইসলামী করেন। ফজলুর রহমানের মতে, এটি একটি ডাবল অপরাধ। তিনি মন্তব্য করেন যে, মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন জামায়াত করতে পারে না এবং শহীদ পরিবারের কেউ জামায়াত করলে সেটি দ্বিগুণ অপরাধের শামিল।বক্তব্যের শেষ দিকে ফজলুর রহমান ৫ আগস্ট পরবর্তী সময়ের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করেন।
তিনি বলেন, গত ৫ আগস্টের পরে ড. ইউনূস সরকার যখন ছিল, তখন শিল্পকলার সামনে কোনো গান, নাটক বা লালন গীতি হতে পারেনি। সবকিছু একটি কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল বলে তিনি দাবি করেন।জাতীয় সংসদে ফজলুর রহমানের এই বক্তব্য চলাকালীন বিরোধী দলীয় সদস্যদের আসনে কিছুটা উত্তেজনা দেখা দিলেও তিনি তার বক্তব্যে অনড় থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি দাবি করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধারাই শেষ পর্যন্ত জয়ী হবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন