মে ২, ২০২৬, ০৩:১৬ পিএম
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১০৬টি হজ ফ্লাইটে মোট ৪২ হাজার ৩৪২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২ মে) সকাল ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১০৬টি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
হজ অফিসের নিয়মিত বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন। এ ছাড়া সৌদি মেডিকেল টিম এ পর্যন্ত ৮ হাজার ১৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা প্রদান করেছে।
পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ২৪০ জন হজযাত্রী স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।পরিচালক লোকমান হোসেন জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করছে।বিমান সংস্থাভিত্তিক তথ্যে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৩৬ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইটে ১৪ হাজার ৮২০ জন এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৪৮৬ জন যাত্রী সৌদি আরবে গেছেন। অবশিষ্ট ৩৬ হাজার ৪ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানানো হয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। ওই ফ্লাইটের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ অফিসের তথ্য অনুযায়ী, ঢাকাস্থ সৌদি দূতাবাস এখন পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৪৬টি ভিসা ইস্যু করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন