মে ৩, ২০২৬, ১০:১৪ এএম
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ ৩ মে, রোববার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।দিবসটি উপলক্ষে বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দিবসটি উদযাপনে আজ সকালে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।রোববার সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
এরপর সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডের তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
ইউনেসকোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯১ সালে প্রথম দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে-কে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই প্রতিবছর বিশ্বজুড়ে গণমাধ্যমকর্মীরা এই দিবসটি পালন করে আসছেন।
এই দিবসের মূল লক্ষ্য হলো সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ নিশ্চিত করা। বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সাংবাদিকদের স্মরণ ও তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিবসটি গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের অঙ্গীকার ও দায়িত্বশীলতার কথাও স্মরণ করিয়ে দেয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন