মে ৩, ২০২৬, ০৪:২৩ পিএম
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সব সাংবাদিক ও সংবাদকর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাঁদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (৩ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে শিবির নেতারা বলেন, একটি রাষ্ট্রকে গণতান্ত্রিক ও কল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে তাঁরা জানান, স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম ছাড়া আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের সাহসী অবস্থান সমাজকে আলোর পথ দেখায়।
শিবির নেতারা আরও বলেন, অতীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এদেশের সাংবাদিকদের নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। স্বাধীনভাবে সত্য প্রকাশের পথে বিভিন্ন কালাকানুন ও রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। অনেক নির্ভীক সাংবাদিককে প্রাণ দিতে হয়েছে এবং অসংখ্য সংবাদকর্মী কারাবরণ করেছেন, যা একটি স্বাধীন দেশের জন্য কাম্য নয়।
চাকরির অনিশ্চয়তা এবং সম্মানজনক বেতন কাঠামো না থাকায় মেধাবীরা এই পেশায় আসতে আগ্রহ হারাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। নেতারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। তাঁরা মনে করেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও অর্থনৈতিক নিশ্চয়তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব।
বিবৃতিতে নেতারা আশা প্রকাশ করেন যে, গণমাধ্যম কোনো ভয়ভীতি ছাড়াই সাধারণ মানুষের কথা বলতে পারবে। তাঁরা সাংবাদিক সমাজকে পেশাগত নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে গণমাধ্যমই সমাজ সংস্কারের অন্যতম কার্যকর হাতিয়ার হতে পারে বলে তাঁরা বিশ্বাস করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন