রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর পরিবার ন্যায় বিচার পাবেন

জাতীয় ডেস্ক

মে ৪, ২০২৬, ১০:৩২ এএম

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর পরিবার ন্যায় বিচার পাবেন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ দেশে ফিরেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে তাঁর মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে লিমনের কফিন গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

লাশ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই শিক্ষার্থী হত্যার বিচারের বিষয়ে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তিনি বলেন, এই হত্যার যেন সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু বিচার হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নিহতের পরিবার শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবেন।

শামা ওবায়েদ ইসলাম আরও জানান, নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে। এই সংকটে সরকার নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। 

গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। এই পুরো প্রক্রিয়াটি তদারকি করেন কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং।নিহত লিমনের প্রথম জানাজা গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের স্বজন ও স্থানীয় প্রবাসীরা অংশ নেন। অন্যদিকে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস নিশ্চিত করে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৬ মে বুধবার দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। লিমনের মরদেহ বিমানবন্দর থেকে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পরিবার।