রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

জাতীয় ডেস্ক

মে ৪, ২০২৬, ১১:০০ এএম

সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন হজযাত্রীরা

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১১৩টি হজ ফ্লাইটে ৪৪ হাজার ৯৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (৪ মে) সকালে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদিতে পৌঁছানো মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪০ হাজার ৮৮৪ জন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫২টি ফ্লাইটে ২১ হাজার ৩০১ জন, সৌদি এয়ারলাইন্সের ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন এবং ফ্লাইনাসের ২০টি ফ্লাইটে ৮ হাজার ২২৯ জন যাত্রী জেদ্দা ও মদিনায় পৌঁছেছেন।এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

মৃতদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান বলে নিশ্চিত করেছে হজ অফিস।চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। ৬৬০টি হজ এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে। 

যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

হজ অফিসের তথ্য বলছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে এবং ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।