মে ৪, ২০২৬, ১২:৩৪ পিএম
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা এবং এগুলো পুনরায় চালুর সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।
এ ছাড়াও গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী এই আলোচনায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।
সচিবালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই বৈঠকের মূল লক্ষ্য ছিল শিল্প খাতের স্থবিরতা কাটিয়ে উঠতে বন্ধ থাকা কারখানাগুলোকে কীভাবে উৎপাদনমুখী করা যায় তার একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা। বিশেষ করে বস্ত্র ও পাট খাতের কারখানাগুলো পুনরায় চালু করা হলে কর্মসংস্থান ও রপ্তানি আয়ে কী ধরনের প্রভাব পড়বে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের মতামত গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, দেশের শিল্প খাতের উন্নয়নে সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর মধ্যে বন্ধ কারখানা চালুর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনার ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন