মে ৬, ২০২৬, ০৭:৩৩ পিএম
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বেতন কমিশন। এতে সর্বনিম্ন মূল বেতন বর্তমানের ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। বুধবার (৬ মে) সচিবালয় সূত্রে এই সুপারিশমালার বিস্তারিত তথ্য জানা গেছে।
সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে তাদের এই সুপারিশমালা জমা দেন। বর্তমানে এই প্রস্তাব যাচাই-বাছাই করে বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
কমিশনের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, নতুন কাঠামোতে ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। এটি বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি হতে পারে।
বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। নতুন প্রস্তাব কার্যকর করতে অতিরিক্ত আরও ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।নতুন বেতন কাঠামোতে ২০টি গ্রেড অপরিবর্তিত রাখার পরামর্শ দেওয়া হলেও বেতনের বৈষম্য কমানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বেসামরিক খাতের পাশাপাশি বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্যও পৃথক বেতন কমিশনের প্রতিবেদন প্রস্তুত হয়েছে।
উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য প্রতিবেদনে আলাদা সুবিধার প্রস্তাব রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের জন্য বিদ্যমান গ্রেডের বাইরে বিশেষ বেতন ধাপ নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা পরবর্তীতে প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত করা হবে।
অর্থনীতিবিদরা বলছেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নত হবে। তবে এটি কার্যকর করতে গেলে সরকারকে বড় ধরনের আর্থিক চাপের মোকাবিলা করতে হতে পারে। গঠিত উচ্চপর্যায়ের কমিটি সুপারিশগুলো পর্যালোচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের চূড়ান্ত দিকনির্দেশনা দেবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন