সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২, ২০২৬, ১১:৫৭ এএম

পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে-স্কেল নিয়ে নতুন কমিটি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল প্রস্তাব চূড়ান্ত করতে ১০ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করেছে বেতন কমিশন। ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে এই নতুন কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বেতন কমিশন সূত্রে জানানো হয়েছে, নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

এই পরিকল্পনার প্রথম পর্যায়ে সরকারি কর্মচারীদের মূল বেতন বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল যে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর হতে পারে। 

তবে নির্ধারিত সময়ে তা চালু না হওয়ায় এখন আগামী ১ জুলাইকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।গত বছরের জুলাই মাসে ২১ সদস্যের যে মূল বেতন কমিশন গঠন করা হয়েছিল, তারা পে-স্কেল সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শেষ করেছে। এই তথ্যগুলো বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা তৈরির জন্যই নতুন করে ১০ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। 

নবগঠিত এই কমিটির পেশ করা প্রতিবেদনের ভিত্তিতেই নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।নতুন বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে। চলতি বাজেটেও এ সংক্রান্ত বিশেষ বরাদ্দ রাখার বিষয়টি বিবেচনাধীন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কমিটির সুপারিশ পাওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ নিশ্চিত করার কাজ শুরু করবে।

এদিকে পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ১৬ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। শুক্রবার (১ মে) সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারি কর্মচারীদের দাবি ও কমিশনের কার্যক্রমের মধ্য দিয়ে নতুন পে-স্কেল নিয়ে প্রশাসনের সর্বস্তরে এখন ব্যাপক আলোচনা চলছে।