শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ থেকে

জাতীয় ডেস্ক

মে ৮, ২০২৬, ১১:৫৭ এএম

ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ থেকে

বাসের অগ্রিম টিকিট বিক্রি। (ফাইল ছবি)

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন রুটের টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। বাস কোম্পানিগুলো একযোগে কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে এই টিকিট বিক্রি করছে।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এবার ২১ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত সময়কালের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে টিকিট বিক্রি শুরুর পর থেকেই বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। একইভাবে অনলাইনেও টিকিট সংগ্রহের হার অনেক বেশি।

অগ্রিম টিকিট বিক্রির পরিস্থিতি নিয়ে শ্যামলী এন আর ট্রাভেলস-এর জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, শুক্রবার সকাল থেকেই তাদের সব কাউন্টার ও অনলাইন মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে। 

তিনি বলেন, যাত্রীদের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ২৪ মে রাত, ২৫ মে সারাদিন এবং ২৬ মে সকালের টিকিটে। যেহেতু সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হচ্ছে, তাই ওই সময়ের টিকিটগুলো দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে।জীবন চক্রবর্তী আরও জানান, শুক্রবার সকাল ১০টার মধ্যেই বেশ কয়েকটি রুটের অধিকাংশ অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও দক্ষিণবঙ্গের রুটগুলোতে যাত্রীদের চাপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। 

কাউন্টার এবং অনলাইন—উভয় মাধ্যমেই একই ভাড়া কার্যকর থাকবে। কোনো যাত্রী যেন প্রতারিত না হন, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।সংগঠনটি আরও জানিয়েছে, প্রতিটি বাস কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কাউন্টার যদি তালিকার চেয়ে বেশি ভাড়া দাবি করে, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে টার্মিনালগুলোতে টিকিট বিক্রির কার্যক্রম তদারকি করছেন মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।