রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ বাংলাদেশি হজযাত্রী

জাতীয় ডেস্ক

মে ৯, ২০২৬, ০৯:৫৭ এএম

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই পরিসংখ্যান জানানো হয়েছে। হেল্প ডেস্কের দেওয়া তথ্য অনুযায়ী, এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিস ঢাকা এই তথ্য নিশ্চিত করেছে।

হজ অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে এখন পর্যন্ত ২৩ হাজার ৫৯১ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। সৌদি এয়ারলাইনসের ৪৭টি ফ্লাইটে গিয়েছেন ১৭ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে পৌঁছান ৮ হাজার ৮৮৯ জন যাত্রী।

 মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ২৫ জন সৌদি আরবে পৌঁছেছেন।চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। 

এই বিশাল কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। প্রথম এই ফ্লাইটের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য বলছে, এবারের মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। এরপর পর্যায়ক্রমে হজযাত্রীরা দেশে ফিরবেন এবং আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে বলে বুলেটিনে জানানো হয়েছে।