শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

পর্যায়ক্রমে সব উপজেলার ৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ১১, ২০২৬, ০৭:০৬ পিএম

পর্যায়ক্রমে সব উপজেলার ৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

পর্যায়ক্রমে দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সোমবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শনে এসে তিনি এই কথা জানান। গ্রামীণ জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

বিকেল ৫টায় পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, পুরুষ ওয়ার্ড, নারী ও শিশু ওয়ার্ড, অপারেশন থিয়েটার, স্টোর রুম এবং বহির্বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাসেবা, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান সম্পর্কে তাদের মতামত গ্রহণ করেন। তিনি চিকিৎসকদের রোগীদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। এ সময় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

একই সঙ্গে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক এলাকার বিভিন্ন স্থাপনার উন্নয়নের বিষয়েও কথা বলেন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি জানান, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।