রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: হুমায়ুন কবির

জাতীয় ডেস্ক

মে ১১, ২০২৬, ০৮:২৪ পিএম

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: হুমায়ুন কবির

হুমায়ুন কবির

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সীমান্ত পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, বর্তমান সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে কথা বলা দরকার, সেখানে সরকার অবশ্যই কথা বলবে বলে তিনি উল্লেখ করেন।

সাবেক সরকারের আমলের সীমান্ত পরিস্থিতির সমালোচনা করে উপদেষ্টা জানান, হাসিনা সরকারের আমলে সীমান্তে নিয়মিত মানুষ হত্যা বা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো মর্মান্তিক দৃশ্য দেখা গেছে। তিনি আশ্বস্ত করেন যে, সীমান্ত পরিস্থিতি আর কোনোদিন ওই নমুনায় আসবে না। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই নমুনায় যদি কেউ বর্ডার পরিচালনা করতে চায়, তবে বাংলাদেশ বসে দেখবে না। কী ব্যবস্থা নিতে হবে সে বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।আঞ্চলিক শান্তি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকতে চায় বাংলাদেশ। তবে শেখ হাসিনাকে কেন্দ্র করে চ্যালেঞ্জের বিষয়টিও তিনি এড়িয়ে যাননি। তিনি জানান, দেড় হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন ভারতে আশ্রয়ে আছেন। তিনি যেন সেখানে বসে বাংলাদেশে কোনো সন্ত্রাস করতে না পারেন, সে বিষয়ে ভারতকে বলা হয়েছে এবং তারা এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে।

সম্প্রতি সম্পন্ন হওয়া চীন সফরের বিষয়েও ইতিবাচক তথ্য দেন উপদেষ্টা। তিনি জানান, চীন সফর সফল হয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সম্পর্ক মূলত কেন্দ্রীয় সরকারের সঙ্গেই থাকবে এবং অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশ হস্তক্ষেপ করতে চায় না।