মে ১২, ২০২৬, ০৪:৩৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এই সভায় তিনি শিক্ষার্থীদের এক অনন্য বার্তা দেন।
অনুষ্ঠানের প্রশ্নোত্তরের শুরুতে এক শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে ‘মাননীয়’ সম্বোধন করলে তিনি তাকে থামিয়ে দিয়ে স্মিতহাস্যে বলেন:আমাকে ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই। আমরা এখানে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আলোচনা করতে এসেছি। আপনারা সরাসরি প্রশ্ন করুন।”
প্রধানমন্ত্রীর এই সহজ ও আন্তরিক মন্তব্যে মিলনায়তনে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে করতালির রোল পড়ে যায়। এরপর তারুণ্যের ভাবনা, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আগামীর বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে দীর্ঘ সময় খোলামেলা আলোচনা করেন তিনি।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এতে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত একটি কর্মশালার উদ্বোধন করেন।
বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই কর্মশালায় তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, নতুন বাংলাদেশের শিক্ষানীতি হবে আধুনিক ও গবেষণানির্ভর। সাধারণ শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার কথা শোনার পাশাপাশি তিনি ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপরও জোর দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন