রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এলজিইডি প্রকল্প দ্রুত বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশ

জাতীয় ডেস্ক

মে ১২, ২০২৬, ০৫:৩৭ পিএম

এলজিইডি প্রকল্প দ্রুত বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় চলমান বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং নির্ধারিত ব্যয় ব্যবস্থাপনার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের কাজগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমে গতি বৃদ্ধির তাগিদ দেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণ করা জরুরি। উন্নয়ন কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষ সরাসরি পায়, সে বিষয়েও তিনি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলজিইডির অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন। অনেকে এই সভায় ভার্চুয়ালিও অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের মাঠ পর্যায়ের কাজ নিয়মিত তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে এই সভা থেকে।