মে ১৩, ২০২৬, ১০:৫১ এএম
প্রশাসনিক কাজের গতিশীলতা আনয়ন ও জনস্বার্থে সরকারের সাতটি গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে। বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাদের নতুন কর্মস্থলে প্রেষণে নিয়োগ ও বদলি করা হয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আগামী ১৮ মে তারিখের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘উপ পরিচালক (এভসেক এন্ড এফএলএল পলিসি)’ পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হাসান আকাশ। তাঁকে প্রেষণে এই নিয়োগ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে ‘স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের’ উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক শামীম আহমেদকে। অন্যদিকে, ভূমি মন্ত্রণালয়ে কর্মরত উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘দেশের বিভিন্ন স্থানে সমন্বিত মসজিদ নির্মাণ ও সংস্কার’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মাঠ প্রশাসনেও বড় রদবদল আনা হয়েছে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। একই সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহীন সুলতানাকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে খুলনা বিভাগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে তিনি নাটোরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জনস্বার্থে অবিলম্বে এই আদেশগুলো কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন