রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চীন থেকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা পেল বাংলাদেশ

জাতীয় ডেস্ক

মে ১৩, ২০২৬, ১২:০৪ পিএম

চীন থেকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা পেল বাংলাদেশ

চিন থেকে পোলিও টিকা গ্রহণ করছেন স্বাস্থ্যমন্ত্রী।

টিকা সংকটের এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন। দেশটির সিনোভ্যাক ফাউন্ডেশন বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে।বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের কাছে এসব টিকা হস্তান্তর করেন চীনের প্রতিনিধিরা। টিকা গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন, অর্থনৈতিক বন্ধু হিসেবে বাংলাদেশকে সহযোগিতা দিয়ে আবারও সম্পর্কের গভীরতা প্রমাণ করেছে চীন।স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা নিয়ে বাংলাদেশের এই সময়ে পোলিও প্রতিরোধে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশনের এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন সবসময়ই অর্থনৈতিক বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে রয়েছে।

সরদার সাখাওয়াত হোসেন আরও বলেন, হামের টিকার ব্যবস্থা করা গেলেও বর্তমানে ডেঙ্গু, পোলিও ও হান্টাসহ বিভিন্ন রোগ নতুন করে উদ্বেগ তৈরি করছে। এসব রোগ মোকাবিলা করা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। 

তবে পোলিও ও যক্ষ্মাসহ যেসব নিয়মিত টিকার প্রয়োজন হয়, সেগুলোর বর্তমানে কোনো ঘাটতি নেই। এসব টিকাদান কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে।স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত দেশের ৯৮ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। বাকি দুই শতাংশ শিশুকেও দ্রুততম সময়ের মধ্যে টিকার আওতায় আনা হবে। হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে আপাতত রোগটি নিয়ন্ত্রণে আনাই সরকারের প্রধান লক্ষ্য।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী জুন মাস থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হবে।ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী এই হাসপাতালের সংখ্যা আরও বাড়ানো হবে।