সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পারমাণবিক সুরক্ষা জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত: উপদেষ্টা

জাতীয় ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৯:০১ পিএম

পারমাণবিক সুরক্ষা জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত: উপদেষ্টা

এমআইএসটিতে বক্তব্য দিচ্ছেন প্রতিরক্ষা উপদেষ্টা।

প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম বলেছেন, পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক অঙ্গীকার এবং রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বুধবার (১৩ মে) মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে আমন্ত্রিত শিক্ষক হিসেবে পারমাণবিক সুরক্ষা বিষয়ক বিশেষ বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিরক্ষা উপদেষ্টা উল্লেখ করেন, বর্তমান বিশ্বে পারমাণবিক স্থাপনা, প্রযুক্তি ও সংশ্লিষ্ট অবকাঠামোর সুরক্ষা কেবল কোনো একক দেশের অভ্যন্তরীণ বিষয় নয়। এটি বৈশ্বিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আস্থার সঙ্গে সম্পর্কিত। সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলার সক্ষমতা এখন পারমাণবিক সুরক্ষার অন্যতম প্রধান বিবেচ্য বিষয়।

বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরে উপদেষ্টা বলেন, রাষ্ট্র শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড ও নিরাপত্তা সংস্কৃতি পালনে অঙ্গীকারবদ্ধ। পারমাণবিক সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত নীতিমালা, প্রশিক্ষিত জনবল এবং বিভিন্ন সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় অপরিহার্য বলে তিনি জানান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গে এ কে এম শামছুল ইসলাম বলেন, কৌশলগত গুরুত্বপূর্ণ এই স্থাপনার সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় উচ্চমানের প্রস্তুতি ও সতর্কতার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।বক্তৃতায় তিনি পারমাণবিক সুরক্ষার বর্তমান চ্যালেঞ্জগুলোও তুলে ধরেন। তিনি বলেন, ভৌত নিরাপত্তার পাশাপাশি সাইবার নিরাপত্তা ও অভ্যন্তরীণ হুমকি প্রতিরোধ এখন বহুমাত্রিক নিরাপত্তা বাস্তবায়নের অংশ।

এ লক্ষ্যে গবেষণা, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার তাগিদ দেন তিনি।অনুষ্ঠান শেষে প্রতিরক্ষা উপদেষ্টা উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল হাকিমুজ্জামান উপস্থিত থেকে উপদেষ্টাকে তার নির্দেশনামূলক বক্তৃতার জন্য ধন্যবাদ জানান।