শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ঈদের ছুটি পাবেন না যারা, কোন পেশায় কতদিন ছুটি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৬:০৭ পিএম

ঈদের ছুটি পাবেন না যারা, কোন পেশায় কতদিন ছুটি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহার টানা সাত দিনের সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটির ঘোষণা দেওয়া হয়।

জরুরি পরিষেবার অন্তর্ভুক্ত বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এই দীর্ঘ ছুটির সময় খোলা থাকবে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকছেন। এসব খাতের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীদের চলাচলও স্বাভাবিক থাকবে।

হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা প্রদানের সঙ্গে জড়িতরা এই সময়ে বিশ্রাম পাবেন না। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির বাইরে থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে পৃথক নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। সুপ্রিম কোর্ট থেকে আসবে আদালতের কার্যক্রম পরিচালনার নির্দেশনা। এছাড়া বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটি নির্ধারিত হবে শ্রম আইন ২০০৬ অনুযায়ী।

আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত এই সাধারণ ছুটি কার্যকর হবে। তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ ও ২৪ মে সব সরকারি অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। জরুরি কাজের প্রয়োজনে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস এই সময়ে নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী খোলা রাখা হতে পারে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।