মে ১৬, ২০২৬, ০৭:৫৯ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানে টানা সাত দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। তবে জরুরি সেবার সঙ্গে জড়িত বিভিন্ন খাতের কর্মকর্তা-কমচারীরা এই দীর্ঘ ছুটির আওতার বাইরে থাকবেন।
এর আগে ২৪ মে রবিবার দেশের সব সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী ঈদের ছুটির সময়ও দেশজুড়ে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্য সব ধরনের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ চালু রাখতে হবে।
একই সঙ্গে ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক বিভাগ, টেলিফোন ও ইন্টারনেট সেবার কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন। হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে।
জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহনগুলো এই ছুটির দিনগুলোতে নিয়মিত চলাচল করবে। ব্যাংকিং কার্যক্রম সচল রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের জন্য সুপ্রিম কোট থেকে আলাদা নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া বেসরকারি শিল্প ও কলকারখানার ছুটির বিষয়টি শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্ধারণ করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন