মে ১৫, ২০২৬, ০৭:২৮ পিএম
পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৫ মে) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় করতোয়া নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, "দেশের অভিন্ন নদীর প্রবাহমানতা ফিরিয়ে আনতে ভারতের সাথে আলোচনা চলছে। আমরা একনেক-এ পদ্মা ব্যারেজের প্রকল্প পাস করে যেমন দৃষ্টান্ত স্থাপন করেছি, ঠিক তদ্রূপ অল্প দিনের মধ্যেই ফারাক্কা চুক্তিসহ অন্যান্য অভিন্ন নদীর প্রবাহ ফেরাতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি।"
তিনি আরও বলেন, "পার্শ্ববর্তী দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে এই সমস্যা সমাধানে এগিয়ে আসবে বলে আমরা প্রত্যাশা করি। নদীমাতৃক বাংলাদেশকে বাঁচাতে হলে নদী-খাল-জলাশয় খনন ও পুনরুদ্ধার জরুরি।
অন্যথায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হতে পারে। আনন্দের বিষয় হলো, আগে যারা নদী দখল করেছিল, এখন জনসচেতনতা সৃষ্টি হওয়ায় তারা স্বেচ্ছায় দখল ছেড়ে দিচ্ছে।"প্রতিমন্ত্রী তথ্য দেন যে, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি এবং মিয়ানমারের সঙ্গে ৩টি অভিন্ন নদী রয়েছে। এরই মধ্যে পদ্মা নদীর উপরে ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণাঞ্চলের প্রায় ২৪টি জেলা এবং ১৬৩টি উপজেলায় পানির প্রবাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ১৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে করতোয়া নদীর ১১.৫০ মিটার বাঁধ নির্মাণ কাজ পরিচালিত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন