সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশ পুনর্গঠনই আমাদের একমাত্র প্রতিজ্ঞা: তারেক রহমান

জাতীয় ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৫:৩৪ পিএম

দেশ পুনর্গঠনই আমাদের একমাত্র প্রতিজ্ঞা: তারেক রহমান

প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনই এখন একমাত্র প্রতিজ্ঞা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন। সেখানে তিনি বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের ওপর জোর দেন।

প্রকল্পটির ফলক উন্মোচনের পর তিনি নিজে কোদাল দিয়ে মাটি কাটেন এবং খালের তীরে বৃক্ষরোপণ করেন।প্রধানমন্ত্রী বলেন, শুধু স্বপ্ন দেখা নয়, মানুষের উপকারে আসে এমন পরিকল্পনা বাস্তবায়ন করাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য। প্রায় ৪৮ বছর আগে ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খোর্দ্দ খালটি প্রথম খনন করেছিলেন। 

তারেক রহমান দীর্ঘ সময় পর পিতার স্মৃতিবিজড়িত খালের পুনঃখনন কাজের সূচনা করলেন। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে বাংলাদেশ পৃথিবীর বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষকদের পানির সংকট নিরসনে জলাশয় ও খাল খনন অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয় সমাবেশে। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস এবং এই শক্তি পাশে থাকলে দেশ গড়ার কাজ অব্যাহত থাকবে।এই কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।