মে ১৬, ২০২৬, ০৮:২৫ পিএম
দরিদ্রদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের বহুতল নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। দেশের চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে প্রধান অতিথির দীর্ঘ বক্তব্য দেন তিনি।
দেশের সাধারণ মানুষের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং দরিদ্রদের চিকিৎসা ব্যয় মেটাতেই মূলত এই বড় সিদ্ধান্ত।সরকারি হাসপাতালের নানাবিধ সীমাবদ্ধতা থাকায় দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন বেসরকারি হাসপাতালের সঙ্গে বিশেষ চুক্তিভিত্তিক ব্যবস্থা করা হবে।
এই প্রক্রিয়ার মাধ্যমে রোগীরা বেসরকারি হাসপাতাল থেকে সেবা নিলেও সেই দরিদ্রদের চিকিৎসা ব্যয় সরাসরি বহন করবে সরকার। একই সঙ্গে দেশের স্বাস্থ্যখাতে সরকারি বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে।
তিনি বলেন, বর্তমান সরকার ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে কাজ করছে।দেশের মানুষ দীর্ঘদিন ধরে যথাযথ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে পুরোপুরি বঞ্চিত ছিল বলে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।মেডিকেল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল লাইব্রেরি ও উন্নত শ্রেণিকক্ষ নিশ্চিত করার তাগিদ দেন মন্ত্রী।
দক্ষ জনবলের অভাবে কোটি কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি অব্যবহৃত থাকায় দেশে একটি নতুন মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। এছাড়া হাসপাতালের নতুন ভবনের নকশায় ৭২টি গাড়ি পার্কিং সুবিধা অত্যন্ত অপর্যাপ্ত আখ্যা দিয়ে সেখানে কমপক্ষে ২০০ থেকে ২৫০টি গাড়ি পার্কিংয়ের জায়গা রাখার কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন