রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৭ দিন ট্রাক-লরি চলাচল নিষিদ্ধ

জাতীয় ডেস্ক

মে ১৮, ২০২৬, ১১:২০ পিএম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৭ দিন ট্রাক-লরি চলাচল নিষিদ্ধ

আসন্ন ঈদুল আজহায় সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে কঠোর নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার সকালে দামপাড়ায় সিএমপি সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ সড়ক নিরাপত্তা সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।তবে কোরবানির পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বন্দরের মালামাল এবং তৈরি পোশাক পরিবহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। 

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান, জনসাধারণের ভোগান্তি কমাতে মাঠপর্যায়ে কঠোর নজরদারি নিশ্চিত করা হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণপরিবহনে অবশ্যই দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট টানাতে হবে এবং বাস টার্মিনালগুলোতে ভাড়ার তালিকা বিলবোর্ডে প্রদর্শন করতে হবে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে অলংকার মোড়,ইপিজেড, বহদ্দারহাট ও শাহ আমানত সেতু এলাকা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। এছাড়া ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর যানবাহন চলাচল বন্ধ এবং পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মহাসড়কে নির্ধারিত গতিসীমা কঠোরভাবে মেনে চলার বিষয়েও সভায় জোর দেওয়া হয়।

সড়ক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির জন্য সিএমপি, বিআরটিএ এবং মালিক-শ্রমিক সংগঠনের प्रतिनिधियों সমন্বয়ে পৃথক ভিজিল্যান্স ও মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই টিমগুলো মাঠপর্যায়ে নিয়মিত অভিযান ও পর্যবেক্ষণ চালাবে। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।