মে ১৯, ২০২৬, ১২:০৬ পিএম
আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশজুড়ে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়েছে। কক্সবাজারে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখ থেকে দেশে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।নতুন প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে যথাক্রমে শনিবার ও রোববার অফিস স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
সংবাদপত্র শিল্পেও আগামী ২৬ থেকে ৩০ মে পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এবার দীর্ঘ ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ৪ জুন পর্যন্ত।
পরে সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে শ্রেণিকক্ষে নতুন করে পাঠদান শুরু হবে, ফলে শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছেন। অন্যদিকে আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের সব মাদরাসায় ২৪ মে থেকে আগামী ১১ জুন পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটিসহ মাদরাসার শিক্ষার্থীরা মোট ২৩ দিনের দীর্ঘ বিরতি পাচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন