মে ২০, ২০২৬, ০৯:৪৯ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের টঙ্গী সফর ঘিরে গাজীপুর মহানগর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরটি নিরাপদ করতে ড্রোন ওড়ানো এবং নতুন ভাড়াটিয়া প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।মহানগরী আইন ২০১৮-এর ২৯ ও ৩১ ধারার অধীনে পুলিশ কমিশনার এই নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায় এই বিধিনিষেধ চলবে। টঙ্গী পশ্চিম থানার অন্তর্গত সাতাইশ, ধরপাড়া, রাজনগর, সিঁদুরিয়া, গাজীপুরা, লক্ষ্মীপুরা এবং মাঝিপাড়া এলাকা এর আওতায় পড়বে।
পাশাপাশি গাছা থানার চতুরা, গাছা, কুনিয়া ও নিশাত হাউজিংসহ আশপাশের এলাকাগুলোতে আবাসিক বা অনাবাসিক কোনো ভবনে নতুন করে কেউ স্থায়ী বা ভাড়াটিয়া হিসেবে প্রবেশ করতে পারবেন না।অস্ত্র বা বিস্ফোরক জাতীয় দ্রব্য বহন করা যাবে না।
নির্ধারিত এলাকাগুলোর আকাশে ড্রোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কর্মসূচি নির্বিঘ্ন রাখতেই পুলিশের এই বিশেষ পদক্ষেপ। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে অনুষ্ঠানস্থল এবং আশেপাশের জায়গাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন