মে ২১, ২০২৬, ০৯:৫৩ এএম
বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ বা ‘Except Israel’ শব্দবন্ধটি। সেই সঙ্গে ই-পাসপোর্টের পাতায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিসহ নতুন কিছু জলছাপ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের নৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সব ধরনের পাসপোর্টে নতুন এই শর্ত শতভাগ কার্যকর করা হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, ধাপে ধাপে নতুন ই-পাসপোর্টে এই শর্ত প্রিন্ট করা হবে। পুরোনো পাসপোর্টধারীদের জন্য কোনো তাৎক্ষণিক জটিলতা তৈরি হবে না।
বিদ্যমান পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের সময় নাগরিকেরা স্বয়ংক্রিয়ভাবে এই নতুন সংস্করণের পাসপোর্ট পেয়ে যাবেন। ২০২০ সালে তৎকালীন সরকার পাসপোর্ট থেকে এই শর্তটি বাদ দিলে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।বর্তমান সরকার পাসপোর্টের জলছাপ বা ওয়াটারমার্কে আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
আগের সরকারের আমলে যুক্ত করা নির্দিষ্ট ব্যক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক স্থাপনাগুলো নতুন সংস্করণ থেকে বাদ দেওয়া হচ্ছে। টুঙ্গিপাড়ার সমাধিসৌধ, নৌকার ছবি, স্বাধীনতা স্তম্ভ, পদ্মা সেতু, মেট্রোরেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো ছবিগুলো অপসারণ করা হচ্ছে। এর বদলে পাসপোর্টের পাতায় প্রাধান্য পাচ্ছে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও চব্বিশের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান।নতুন পাসপোর্টের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে শহীদ আবু সাঈদের অবিস্মরণীয় সেই চিত্র।
এছাড়া নতুন করে যুক্ত হচ্ছে ঐতিহাসিক বঙ্গভবন, জামদানি শাড়ি, ইলিশ মাছ, টাঙ্গুয়ার হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি, রাজশাহীর আমবাগান ও পানাম নগরী। তবে জাতীয় ফুল শাপলা, রয়েল বেঙ্গল টাইগার, শহীদ মিনার ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ চিত্রকর্মের মতো ঐতিহ্যের প্রতীকগুলো অপরিবর্তিত থাকছে।
স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, নতুন নকশার কাজ এখন শেষ পর্যায়ে। দ্রুতই সরকারপ্রধানের চূড়ান্ত অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন পাসপোর্ট মুদ্রণ শুরু হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই পরিবর্তন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক পরিচয়ের প্রতীকী পুনর্বিন্যাসের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন