বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শিশুদের যৌন সুরক্ষা: যে লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন অভিভাবক

জাতীয় ডেস্ক

মে ২১, ২০২৬, ১২:৪৩ পিএম

শিশুদের যৌন সুরক্ষা: যে লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন অভিভাবক

শিশুদের ওপর সহিংসতা ঠেকাতে অভিভাবকদের সচেতনতা

বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা বা নির্যাতনের একটি বড় অংশ ঘটে পরিচিত মানুষের হাতেই। সাম্প্রতিককালে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের মতো মর্মান্তিক ঘটনা সমাজের প্রতিটি স্তরে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। গবেষণায় দেখা গেছে, ৮৫ শতাংশ ক্ষেত্রে অপরাধীরা শিশুর আত্মীয়, প্রতিবেশী বা পরিচিত কেউ।

পরিচিত মানুষদের প্রতি অন্ধবিশ্বাস শিশুর নিরাপত্তার বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।মানসিক রোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যৌন নির্যাতনের শিকার শিশুদের আচরণের পরিবর্তন ঘটে। ভুক্তভোগী শিশু বিষণ্ণতা, উদ্বেগ, খিটখিটে মেজাজ কিংবা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে।

 রাতে ঘুমের মাঝে কেঁপে ওঠা, মাথাব্যথা বা অকারণে ভয়ের মতো শারীরিক জটিলতাও দেখা দিতে পারে। অনেক সময় শিশু পুরুষদের এড়িয়ে চলতে চায় বা স্বাভাবিক মেলামেশায় নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়।অভিভাবকদের উচিত শিশুর অস্বাভাবিক আচরণের কারণ দ্রুত খুঁজে বের করা।

শিশুর নিরাপত্তায় ‘গুড টাচ-ব্যাড টাচ’ ধারণাটি ছোটবেলা থেকেই স্পষ্ট করা প্রয়োজন। প্রাইভেট পার্টস বা স্পর্শকাতর জায়গায় অন্য কারো স্পর্শের ব্যাপারে শিশুকে সতর্ক করতে হবে। এছাড়া কর্মজীবী অভিভাবকরা শিশুকে নজরে রাখার জন্য সিসি ক্যামেরা ব্যবহার বা নিয়মিত শিক্ষকদের কার্যক্রম তদারকি করতে পারেন। অপরাধমূলক পরিস্থিতি এড়াতে শিশুকে অপরিচিত কারো সাথে না যাওয়ার শিক্ষাও দিতে হবে।আইনি কাঠামো থাকলেও সঠিক প্রয়োগের অভাবে অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, দলবদ্ধ ধর্ষণ বা শিশু হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। তবে মানবাধিকারকর্মীরা বলছেন, তদন্তে সময়ক্ষেপণ ও চার্জশিটে ত্রুটির কারণে অপরাধীরা অনেক সময় জামিন পেয়ে যায়। পারিবারিক সম্মানের ভয়েও অনেকে মামলা করতে চান না। যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে এই অপরাধপ্রবণতা ঠেকানো কঠিন হয়ে পড়বে।সচেতনতাই হতে পারে শিশুর সুরক্ষার প্রথম পদক্ষেপ।