রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

জয়দেবপুর-পার্বতীপুর রুটে ঈদ স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২২, ২০২৬, ০৪:১৮ পিএম

জয়দেবপুর-পার্বতীপুর রুটে ঈদ স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ের নয়টি আন্তঃনগর ট্রেনের বহরে অতিরিক্ত বগি বা কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের যাত্রীদের সুবিধার্থে জয়দেবপুরের সঙ্গে পার্বতীপুরের মধ্যে একটি স্পেশাল ট্রেন চলাচল করবে। আগামীকাল ২৩ মে থেকে শুরু হয়ে আগামী ৭ জুন পর্যন্ত বিভিন্ন মেয়াদে এই বাড়তি কোচগুলো কার্যকর থাকবে।যাত্রীদের সুবিধার্থে শোভন ও এসি উভয় ধরনের কোচই ট্রেনের সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হচ্ছে।

ঈদের আগে একটি এবং ঈদের পরে দুটি করে অতিরিক্ত বগি এই ট্রেনগুলোতে যুক্ত থাকবে। অতিরিক্ত বগি সংযোজনের তালিকায় রয়েছে নীলফামারী বা রকেট এক্সপ্রেস এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস। এর বাইরে রাজশাহী রুটের বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেসেও বাড়তি কোচ থাকছে। উত্তরাঞ্চলের অন্যতম প্রধান রুট দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসেও এই সুবিধা পাবেন যাত্রীরা।তবে আগামী ২৭ মে ৭৯৩ নম্বর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে না বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

ঈদের আগে ২৩ মে থেকে ২৭ মে এবং ঈদের পরে ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত এই বাড়তি সক্ষমতা চালু থাকবে। এই ঈদযাত্রার প্রস্তুতি হিসেবে পুরোনো কোচ মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা। চাহিদা মেটাতে তারা নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত সময় কাজ করছেন। ইতিমধ্যে বেশ কিছু কোচ রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ঈদযাত্রায় যাত্রী পরিবহনে রেলওয়েতে মোট ১২৭টি কোচ যুক্ত হচ্ছে। এর মধ্যে ১০৩টি কোচ ইতিমধ্যে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচগুলো আগামী কয়েক কর্মদিবসের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ স্পেশাল ট্রেন ও বাড়তি বগি চালুর এই তথ্য নিশ্চিত করেছেন।