মে ২২, ২০২৬, ০৭:৪৭ পিএম
মন্ত্রণালয় ও অধীনস্থ বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক অনিয়ম পেয়েছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এর প্রেক্ষিতে কর্মস্থলে অনুপস্থিতি ও দেরিতে অফিসে আসার অভিযোগে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ বা তাৎক্ষণিক বদলি করা হয়েছে। শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই কঠোর প্রশাসনিক ব্যবস্থার তথ্য নিশ্চিত করা হয়।প্রতিমন্ত্রী সম্প্রতি বরিশাল ও ঢাকায় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার কার্যালয় পরিদর্শন করেন।
ওই সময় বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এছাড়া অনেককে নির্ধারিত সরকারি অফিস সময় পার হওয়ার পর দপ্তরে উপস্থিত হতে দেখা যায়। এই ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বের প্রতি চরম অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।এই নির্দেশনার পরপরই বড় ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।
এর মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে নয়জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। এছাড়া একই কার্যালয়ের নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে দুইজন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে একজন এবং হিসাব বিভাগ থেকে একজনকে স্ট্যান্ড রিলিজ করা হয়। বাকিদের বিরুদ্ধেও নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন