মে ২২, ২০২৬, ১০:৩৬ পিএম
দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে। পূর্বনির্ধারিত ক্লাস চালানোর সিদ্ধান্ত পরিবর্তন করে এই ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুক্রবার রাত ৯টার পর মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।আগামী ৬ জুন পর্যন্ত দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
এর আগে গত ২৪ মার্চ এক বিশেষ নির্দেশনায় ছুটির পরের প্রথম দশটি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছিল অধিদপ্তর। রমজান মাসে স্কুল ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছিল, তা পূরণ করতেই মূলত ওই অতিরিক্ত ক্লাসের পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী এই শনিবারও স্কুল খোলা রাখার সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।কিন্তু শিক্ষকেরা এই ছুটির আগের শনিবার স্কুল বন্ধ রাখার জন্য লিখিত অনুরোধ জানান।
প্রাথমিক শিক্ষকদের সেই যৌক্তিক দাবির মুখে কর্তৃপক্ষ অবশেষে পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে শনিবার থেকেই শিক্ষক ও শিক্ষার্থীরা টানা লম্বা ঈদের ছুটি পাচ্ছেন। দীর্ঘ ছুটি শেষে নির্ধারিত সময়ে আবারও ক্লাস কার্যক্রম শুরু করার তাগিদ দিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন