মে ২৫, ২০২৬, ১১:১৮ পিএম
দেশজুড়ে ক্রমবর্ধমান শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনার মুখে নিজের চার বছরের মেয়ের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন বরগুনার আমতলী থানার বাসিন্দা মাসুদুল ইসলাম। সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি শটগানের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন।
গত বৃহস্পতিবার জমা দেওয়া এই আবেদনটি দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।মাসুদুল ইসলাম মনে করেন, নিজের নিষ্পাপ সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাকেই নিতে হবে।
আবেদনপত্রে তিনি লিখেছেন, সাম্প্রতিক বছরগুলোতে শিশুদের ওপর বর্বরতার চিত্র দেখে তিনি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম হতাশায় ভুগছেন। তার ভাষ্য, সন্তান তার নিজের, রাষ্ট্রের নয়; তাই রাষ্ট্রের ওপর নির্ভর না করে তিনি নিজেই অস্ত্র হাতে নিতে চান।
মন্ত্রণালয়ের কাছে তিনি বিশেষ বিবেচনায় একটি শটগান বরাদ্দের অনুরোধ জানিয়েছেন। স্বাভাবিক জীবন পরিচালনায় এই নিরাপত্তা ব্যবস্থা জরুরি বলেও তিনি আবেদনে উল্লেখ করেন।রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি এই আবেদনকারীর ক্ষোভ ফুটে উঠেছে।মাসুদুল ইসলামের এই ব্যতিক্রমী আবেদন সরকারি দপ্তরে জমা হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে সচেতন মহলে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ব্যক্তিগত নিরাপত্তা ও অস্ত্র আইনের সীমাবদ্ধতা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আবেদনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে একজন অভিভাবকের এমন নিরাপত্তা ঝুঁকি ও উদ্বেগের বিষয়টি এখন প্রশাসনের নজরে রয়েছে।আইনশৃৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বাবার এই আরজি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন