শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

রংপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৭:০২ পিএম

রংপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

রংপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি এবং নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা সাবেক রাষ্ট্রপতির রাজনৈতিক দর্শন, গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পদক্ষেপগুলো গভীরভাবে স্মরণ করে বক্তব্য দেন।বিকেলে নগরীর দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকত আলী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার গবেষক ড. ফেরদৌস রহমান। এছাড়া বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ও চিকিৎসক ড. জাবেদ আকতারসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা এতে অংশ নেন।

অন্যদিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা ও স্মরণ সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।