বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

নয়াপল্টনে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করলেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৯:৩১ পিএম

নয়াপল্টনে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করলেন তারেক রহমান

ছবি - সংগৃহীত

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আহ্বান জানান। 

তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার শপথ নেওয়ার কথা বলেন।শনিবার বিকেলে নয়াপল্টনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

তারেক রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে শহীদ রাষ্ট্রপতির মৃত্যুর পর থেকেই প্রতি বছর এই দিনে বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। এটিই শহীদ জিয়াউর রহমানের মূল শিক্ষা এবং দলীয় নেতাকর্মীদের পাশাপাশি যাদের সামর্থ্য আছে তাদের ব্যক্তিগত উদ্যোগেও দুস্থদের পাশে থাকা উচিত। আজকের দিনে অসহায় মানুষের কল্যাণ নিশ্চিত করাই দলের প্রধান প্রত্যাশা ও সাফল্য হওয়া উচিত বলে তিনি মনে করেন।

উক্ত বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন স্তরের আহ্বায়ক, প্রশাসক এবং ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা এই সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন।