মে ৩০, ২০২৬, ১১:২১ পিএম
কক্সবাজারের টেকনাফে হ্নীলা স্লুইসগেট সংলগ্ন নাফ নদীতে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের দিক থেকে আসা একটি সশস্ত্র দল। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে হ্নীলা স্লুইসগেট সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে সীমান্তবর্তী বেড়িবাঁধ এলাকায় ঘুরতে আসা সাধারণ মানুষ ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।গুলির শব্দে বেড়িবাঁধ এলাকায় অবস্থানরত সবাই দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন বন্ধু মিলে হ্নীলা স্লুইসগেট সংলগ্ন সীমান্তের বেড়িবাঁধ এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ওই সময় সেখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন। হঠাৎ তারা দেখেন, মিয়ানমারের রাখাইন সীমান্তের দিক থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে সশস্ত্র একটি দল নাফ নদীতে প্রবেশ করেছে। তারা সেখানে মাছ ধরতে থাকা সাধারণ বাংলাদেশি জেলেদের ধাওয়া করতে শুরু করে।
তখন প্রাণভয়ে জেলেরা দ্রুত নদী ছেড়ে বাংলাদেশের হ্নীলা সীমান্তের দিকে চলে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। পরে সশস্ত্র দলটি জেলেদের ফেলে যাওয়া নৌকা ও মাছ ধরার জাল লুট করে আবার মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়। এই ঘটনার পর থেকে সীমান্তবর্তী পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, বিকেলের দিকে হ্নীলা সংলগ্ন নাফ নদীতে গোলাগুলির একটি ঘটনা তিনি শুনেছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। সঠিক তথ্য পাওয়ার পর এই বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

-20260530153131.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন